জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের প্রতি বড় ধরনের সমর্থন জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। বুধবার (১৯ আগস্ট) জম্মু-কাশ্মীর সফরকালে তিনি স্পষ্টভাবে বলেন, কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রথমবারের মতো এই অঞ্চলে আসা রাষ্ট্রদূত এই স্থানটিকে অবিশ্বাস্য রকম সুন্দর বলে বর্ণনা করেন।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার পাশেই উপস্থিত ছিলেন। সার্জিও গর জানান, তাদের মধ্যে অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং তিনি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন।
সার্জিও গর একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন। ২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষ এবং গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর পর কাশ্মীরে কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের এটিই প্রথম সফর। তার এই সফরকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কৌশলগত নানা পরিবর্তন ও উত্তেজনার মধ্যেই গরের এই কাশ্মীর সফর বিশেষ তাৎপর্য বহন করছে।
বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জম্মু-কাশ্মীর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। তবে আলোচনার বিশেষ গুরুত্ব ছিল জম্মু-কাশ্মীর নিয়ে এবং এই অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্র কী করতে পারে, তা নিয়ে।

