ফিফা বিশ্বকাপ কেবল ফুটবলপ্রেমীদের আবেগ বা আনন্দের কেন্দ্রবিন্দু নয়, বরং এর বিশাল প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতির ওপরও। ২০২৬ বিশ্বকাপে মেসি, নেইমার, এমবাপ্পে এবং ইয়ামালের মতো তারকাদের খেলা দেখার জন্য বিশ্বের কোটি কোটি মানুষ ব্যস্ত থাকায় কর্মক্ষেত্রে উৎপাদনশীলতায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে এই টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে ব্যবসা ও কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে হয়েছে।
মানবসম্পদ ও কর্মী ব্যবস্থাপনা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইউকেজি (UKG)-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য কর্মীদের অফিসে দেরিতে আসা, কাজে মনোযোগ কমে যাওয়া এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বিশ্বব্যাপী প্রায় ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলারের উৎপাদনশীলতা নষ্ট হয়েছে।
বিশ্ব অর্থনীতির এই ক্ষতির তালিকায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। দেশটিতে এই কারণে ক্ষতির পরিমাণ প্রায় ১১.৭ বিলিয়ন বা ১ হাজার ১৭০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকার সমান।

