শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগর

একটি বিদ্যালয়ের প্রকৃত সম্পদ কেবল আধুনিক সুযোগ-সুবিধা বা বহুতল ভবন নয়, বরং একজন সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষকদের সঠিক পথে পরিচালনার জন্য প্রয়োজন একজন দক্ষ ও দূরদর্শী প্রধান শিক্ষক। অর্থ ব্যয় করে অবকাঠামো তৈরি করা সম্ভব হলেও, একজন আদর্শবান শিক্ষক তৈরি করা যায় না; এর জন্য প্রয়োজন সামাজিক মর্যাদা, পেশাগত স্বাধীনতা, জবাবদিহি এবং গভীর দায়বদ্ধতা।

আমার জীবনে এমন একজন অবিস্মরণীয় মানুষ হলেন শায়েস্তাগঞ্জ হাই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আবদুন নূর চৌধুরী স্যার। তাঁর কর্মজীবনের শেষ পর্যায়ে আমরা তাঁকে পেয়েছিলাম, কিন্তু তাঁর সততা, শৃঙ্খলাবোধ ও অসাধারণ শিক্ষাদান পদ্ধতির কিংবদন্তি আমাদের আগেই জানা ছিল। গণিতের মতো জটিল বিষয়ও তিনি অত্যন্ত সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতেন। শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ফলে আমাদের কোচিং বা প্রাইভেট টিউশনের প্রয়োজনীয়তা কখনোই অনুভব হয়নি।

অষ্টম শ্রেণিতে পড়ার সময় বৃত্তি পরীক্ষার জন্য তিনি ও অন্যান্য শিক্ষকেরা আমাদের নিয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছিলেন। আজকের দিনে যা অবিশ্বাস্য মনে হতে পারে, সেই অতিরিক্ত শ্রমের জন্য শিক্ষকেরা কোনো পারিশ্রমিক নিতেন না। বৃত্তি পাওয়ার পর আমার বাবা কৃতজ্ঞতাস্বরূপ মিষ্টিমুখ করাতে চাইলে স্যার অত্যন্ত বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছিলেন। এই ঘটনাটি আমাদের কাছে নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আজও উজ্জ্বল হয়ে আছে।

আবদুন নূর চৌধুরী স্যার কেবল পড়াশোনা নয়, সহশিক্ষা কার্যক্রমকেও সমান গুরুত্ব দিতেন। প্রতিদিনের অ্যাসেম্বলিতে গান গাওয়া, স্কাউটিং এবং খেলাধুলার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের জড়তা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করতেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের তিনি বর্তমান শিক্ষার্থীদের সহায়তায় সম্পৃক্ত করতেন, যা বিদ্যালয়কে প্রজন্মের সঙ্গে প্রজন্মের আত্মিক বন্ধনে আবদ্ধ করেছিল।

আজকের শিক্ষাব্যবস্থায় যখন দেখি শিক্ষার্থীরা কোচিং ও প্রাইভেট টিউশনের ওপর অতিরিক্ত নির্ভরশীল, তখন আমাদের সেই সময়ের কার্যকর শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার ঐতিহ্যটি মনে পড়ে। আমাদের শিক্ষাব্যবস্থায় উন্নতির জন্য উন্নত বিশ্বের মডেল পর্যবেক্ষণের পাশাপাশি আমাদের নিজেদের অতীতের মহান শিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ রয়েছে। আবদুন নূর চৌধুরীর মতো প্রধান শিক্ষকেরা সীমিত সম্পদের মধ্যেও কীভাবে বিদ্যালয় পরিচালনা করতেন, তা আমাদের শিক্ষা-সংস্কারের গুরুত্বপূর্ণ পাঠ হতে পারে।

আজকের সমাজ থেকে আবদুন নূর চৌধুরীদের মতো মানুষ হারিয়ে যাচ্ছেন এবং রাষ্ট্র তাঁদের যোগ্য উত্তরসূরি তৈরিতে ব্যর্থ হচ্ছে। এটি কেবল একটি বিদ্যালয়ের ক্ষতি নয়, পুরো জাতির জন্য উদ্বেগের বিষয়। গ্রামের সাধারণ পরিবারের মেধাবী শিশুদের প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন সেই প্রতিভাকে চিনে নেওয়ার মতো একজন শিক্ষক। আমরা যদি শিক্ষকদের সঠিক মর্যাদা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে পারি, তবেই আমাদের স্কুলগুলো আবারও প্রতিভা বিকাশের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। আবদুন নূর চৌধুরী স্যার আমাদের শুধু গণিত শেখাননি, মানুষ হওয়ার অঙ্কটিও শিখিয়েছিলেন।