চিরিরবন্দরে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নে কৃষকদের সরকারি কৃষি সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার সাইতারা ইউনিয়নের আখতারুজ্জামান মিয়া বাজারের মিলচত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি প্রণোদনা, ভর্তুকি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সরকারের বিভিন্ন কৃষি-সংশ্লিষ্ট সুবিধাগুলো অনেক সহজে গ্রহণ করতে পারবেন। তিনি সকল কৃষককে এই কার্ড সংগ্রহ করার আহ্বান জানান এবং এর সর্বোচ্চ সুফল কাজে লাগানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি মো. আকতার হোসেন হামদু, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন, এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম ও কবির হোসেন।

এছাড়াও বিআরডিবির চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ, সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহ, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন মুকুল, সাইতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকসেদুর রহমান শাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।