নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে অনার্স পর্যায় পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এই শিক্ষাক্রমের যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবে। একই সঙ্গে, যেসব নারী শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হবে।

দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়ার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যাতে ভবিষ্যতে তোমরা দেশের হাল ধরতে পারো। শিক্ষার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, যেসব পরিবারে নারীরা সংসারের হাল ধরেন, তাদের জন্য ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী আরও জানান, সরকার গ্রামগঞ্জের হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিশুদের বছরে একবার স্কুল ড্রেস উপহার দিতে চায়। এছাড়া প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি এই সহায়তাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।