বাংলাদেশের সাধারণ পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন এই নকশায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি যুক্ত করা হচ্ছে। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে এই শহিদদের ছবি স্থান পাবে। বিশেষ করে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জলছাপ হিসেবে যুক্ত করা হচ্ছে। তরুণদের এই আত্মত্যাগের ঐতিহাসিক মুহূর্তকে আন্তর্জাতিক এই ভ্রমণ নথিতে তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।
নতুন এই নকশায় বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসের নানা অনুষঙ্গও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর এবং কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার ছবি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবিও জলছাপ হিসেবে থাকবে।
পাসপোর্টের পাতায় জাতীয় ফুল শাপলা, দোয়েল পাখি, ইলিশ মাছ, কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম 'সংগ্রাম' স্থান পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এছাড়া পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য এটি বৈধ থাকার বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে।

