রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় আত্মহত্যা করেছেন উদীয়মান মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি। শনিবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, আত্মহত্যার ঠিক আগমুহূর্তে নিজের প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রিধি। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া শুরু হয়। ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি চরম সিদ্ধান্তটি গ্রহণ করেন।
খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রিধির মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিধির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে প্রতীয়মান হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। রিধির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্কের ধরন এবং মৃত্যুর ঠিক আগে তাদের মধ্যে কী নিয়ে বিতর্ক হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পাওয়া রিধিকা রিধি পরবর্তীতে অভিনয়ে নিয়মিত হয়েছিলেন। তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছিলেন এই তরুণী।

