দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। একই সময়ের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে নতুন করে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেছে আরও ৭২৮ শিশু।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০ জন। এছাড়া মোট ১ লাখ ২৩ হাজার ৪৪৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

