দেশের চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার প্রেসিডেন্ট বরাবর এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও প্রেরণ করা হয়েছে।
চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে পুরো দেশজুড়ে চরম বিদ্যুৎ সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটময় মুহূর্তে নীরব থাকা সম্ভব নয় বলে চিঠিতে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তিনি দেশের উদ্ভূত এই পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও দ্রুত সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য তিনি প্রেসিডেন্টের প্রতি উদাত্ত আহ্বান জানান।

