ঢাকা কলেজের অবকাঠামো উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরির ওপর গুরুত্ব দিলেন প্রতিমন্ত্রী

ঢাকা কলেজের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি প্রতিষ্ঠানটিকে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ. ন. ম নজিব উদ্দীন খুররম অডিটোরিয়ামে আয়োজিত ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) কর্তৃক আয়োজিত পঞ্চম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে নিজের আবেগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর ক্যাম্পাসে এসে বর্তমান অবকাঠামো দেখে তিনি এর পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। বিশেষ করে অডিটোরিয়ামসহ পুরো ক্যাম্পাসের উন্নয়নে একটি সুনির্দিষ্ট মাস্টারপ্ল্যান করা জরুরি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে যদি তার কোনো কাজ করার সুযোগ থাকে, তবে তিনি অবশ্যই ঢাকা কলেজের উন্নয়নে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এটি মানুষের বাড়তি মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ এখানে ভর্তি হয়। এই সুবিধাজনক অবস্থানকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের অন্য সব প্রতিষ্ঠানের জন্য উদাহরণ হিসেবে ব্যবহার করা উচিত।

শিক্ষা ও ছাত্র আন্দোলনের বিষয়ে জোনায়েদ সাকি বলেন, শিক্ষা কেবল একাডেমিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। গণতান্ত্রিক রাজনৈতিক বাস্তবতায় ছাত্র আন্দোলনকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই, তবে দখলদারিত্ব ও অন্যের অধিকার হরণের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে অবশ্যই অবস্থান নিতে হবে। বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও বিপক্ষ অবস্থান নেওয়ার দক্ষতা বাড়ায়, যা ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ঢাকা কলেজ বিতর্কচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবসময়ই সক্রিয়। তিনি বলেন, সমাজ যুক্তিনির্ভর হয়ে উঠলে চিন্তার বিকাশ ঘটবে এবং অন্যের মতামতকে সম্মান জানানোর মাধ্যমে সমাজে স্থিতিশীলতা আসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামান। এছাড়া দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকসহ অন্যান্য শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।