স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। তবে মৃত শিশুদের কারোরই হাম শনাক্ত হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই সময়ে দেশে নতুন করে ৯৭২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ জন শিশু। সব মিলিয়ে এই পর্যন্ত মোট ৮৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন শিশু। তবে আশার কথা হলো, এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১৭ হাজার ৭৩০ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

