কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল কুয়াশাচ্ছন্ন হয়ে ছিল। তবে আবহাওয়াবিদদের মতে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেই নিউ জার্সি এলাকার আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ওই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া বজ্রঝড়ের প্রভাবে বাতাসে জমে থাকা ধোঁয়া সরে যাবে বলে আশা করা হচ্ছে। ফলে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের সময় পরিবেশ তুলনামূলকভাবে স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় অস্বাস্থ্যকর বায়ুর সতর্কতা জারি ছিল। ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাজ্য পুলিশ দর্শকদের মাঠের আসন ও খোলা অংশ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছিল এবং বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য বিশেষ পোশাক বিতরণ করা হয়। ঘন ধূসর ও ভারী আকাশ থাকায় স্পেনের অনুশীলনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
আবহাওয়াবিদ টাইলার রয়স জানিয়েছেন, ঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা থেকে ধোঁয়া সরে যাবে। মেটলাইফ স্টেডিয়ামটি খোলা আকাশের নিচে হওয়ায় খুব সামান্য ধোঁয়া থাকতে পারে, তবে তা খুবই হালকা হবে। ফ্লোরিডার আবহাওয়াবিদ জেফ বেরারডেল্লিও একমত পোষণ করে জানিয়েছেন যে, ঝড়ের প্রবাহ বাতাসকে পরিষ্কার করে দেবে এবং বায়ুর মান সাধারণ মানুষের জন্য আর বিপজ্জনক থাকবে না।
রোববার ফাইনালের সময় তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মৃদু বাতাস ও কম আর্দ্রতার কারণে পরিস্থিতি অনুকূলে থাকবে। তবে দাবানলের মূল প্রভাব রোববার কানাডার কাছাকাছি এলাকা, বিশেষ করে মধ্য-পশ্চিমাঞ্চল ও গ্রেট লেকস অঞ্চলে বজায় থাকতে পারে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা জানিয়েছে, তারা মাঠের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। চলতি মাসে কানাডা ও উত্তর মিনেসোটায় শত শত দাবানল সক্রিয় রয়েছে, যা জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

