বিশ্বকাপের প্রাইজমানিতে নতুন ইতিহাস, চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘোষণা অনুযায়ী ৪৮ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হিসেবে পালিত হচ্ছে। দল ও ম্যাচ সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ফিফার আয় এবং প্রাইজমানির পরিমাণও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপের মোট প্রাইজ ফান্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা ২০২২ সালের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

আগামী রোববারের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে যে দলটি জয়ী হবে, তারা প্রাইজমানি হিসেবে পাবে ৫ কোটি ডলার। রানার্স-আপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার। এছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ স্থানে থাকা দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিতভাবে পাচ্ছে। এছাড়া কোয়ার্টার ফাইনাল, শেষ ষোল ও শেষ ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও আলাদা অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ফিফা এই অর্থ সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের মাধ্যমে খেলোয়াড়, কোচিং স্টাফ ও ফুটবল উন্নয়নে বণ্টন করে থাকে। ধারণা করা হচ্ছে, এবারের আসর থেকে ফিফার মোট আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

১৯৮২ সালে প্রথমবার প্রাইজমানি ঘোষণার সময় চ্যাম্পিয়ন ইতালি পেয়েছিল মাত্র ২২ লাখ ডলার। চার দশকের ব্যবধানে সেই অঙ্ক এবার ৫ কোটি ডলারে পৌঁছেছে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। এছাড়া সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতাকে যথাক্রমে ‘গোল্ডেন বল’, ‘গোল্ডেন গ্লাভস’ ও ‘গোল্ডেন বুট’ প্রদান করা হবে, তবে এসব ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে অতিরিক্ত কোনো অর্থ দেওয়া হবে না।