ইলিয়াস কাঞ্চনের বাসায় সুচন্দা-চম্পা, ফিরে দেখা পুরোনো স্মৃতি

দীর্ঘ ১৫ মাস লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অল্প সময়ের জন্য দেশে ফেরা এই অভিনেতার সঙ্গে দেখা করতে শনিবার রাতে তার গুলশানের বাসায় হাজির হন দুই জনপ্রিয় অভিনেত্রী সুচন্দা ও চম্পা। প্রিয় সহকর্মীদের কাছে পেয়ে অসুস্থতার ধকলের মধ্যেও অভিনেতা বেশ আনন্দিত ও প্রাণবন্ত হয়ে ওঠেন।

সুচন্দা ও চম্পা তাদের প্রিয় সহকর্মীর জন্য ফুল ও উপহার নিয়ে গিয়েছিলেন। আড্ডার একপর্যায়ে চম্পা ইলিয়াস কাঞ্চনের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করলে, কাঞ্চনও পাল্টা ভালোবাসা জানিয়ে তার ভালো লাগার কথা জানান। দীর্ঘ সময়ের এই আড্ডায় উঠে আসে চলচ্চিত্রের পুরোনো দিনের নানা স্মৃতি। বিশেষ করে সুচন্দার প্রযোজনায় নির্মিত এবং ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘তিনকন্যা’ সিনেমার প্রসঙ্গটি বিশেষভাবে আলোচিত হয়।

স্মৃতিচারণের অংশ হিসেবে সুচন্দা ও চম্পা কাঞ্চনের কাছে গান গাওয়ার অনুরোধ জানান। তাদের অনুরোধে কাঞ্চন ‘অচেনা’ সিনেমার জনপ্রিয় গান ‘আর যাব না আমেরিকা’ গেয়ে শোনান, যেখানে সুচন্দা ও চম্পাও কণ্ঠ মেলান। পরে তিনি আরও কয়েকটি গানের অংশ গেয়ে শোনান। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সুব্রত, জ্যাকি আলমগীর এবং প্রযোজক খোরশেদ আলম। এছাড়াও চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জয় চৌধুরী ও আবীর চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লন্ডনে চিকিৎসা চললেও কাঞ্চনের স্বাস্থ্যের প্রত্যাশিত উন্নতি না হওয়ায় তাকে নির্ধারিত চিকিৎসা চালিয়ে যেতে কয়েকদিনের মধ্যেই পুনরায় সেখানে ফিরে যেতে হবে।