লংগদুতে গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রাঙামাটির লংগদু উপজেলায় আওয়ামী লীগ নেতা ফয়েজুল আজীম ফয়েজের মালিকানাধীন একটি সেগুন বাগান থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা বিএনপি।

গত ১৭ জুলাই উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের স্বাক্ষরিত ওই শোকজ নোটিশটি জারি করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে বিএনপি সদস্য রাজ্জাক দাবি করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফয়েজুল আজীম ফয়েজের বাগান থেকে ২৪ লাখ টাকার গাছ কাটা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে উপজেলা বিএনপির পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন হিসেবে দাবি করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এমন অপপ্রচার চালানো হচ্ছে।

শোকজ নোটিশে আব্দুর রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার বক্তব্যের সপক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে কেন তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দিতে না পারলে জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৩: ৫৪আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৪: ০৩