চলনবিলের জলাশয়ে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত করলেন যুবদল নেতা

ঐতিহাসিক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এই মহতী উদ্যোগটি ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম।

রোববার সকালে এই পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা নিঃস্বার্থভাবে নিজস্ব অর্থায়নে দেশের মানুষের জন্য কাজ করেন, তারাই প্রকৃত জিয়ার আদর্শের সৈনিক। তিনি আরও বলেন, যারা সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত, তারা আদর্শ সমাজসেবক এবং এ ধরনের আদর্শ ও সমাজসেবামূলক কাজ ধরে রাখা সবার জন্য প্রয়োজন।

একই অনুষ্ঠানে স্থানীয় এমপি মো. আইনুল হক উপস্থিত সবাইকে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন খানসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।