চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যার্তদের মাঝে সহায়তার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সমুদ্রকে জনগণের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সমুদ্রসংলগ্ন এলাকাগুলোতে শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে স্থানীয় বেকারত্বের সমস্যা নিরসন করা হবে। এ সময় তিনি লবণ চাষিদের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুতই লবণের যৌক্তিক মূল্য নির্ধারণের আশ্বাস দেন।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সে বিষয়ে সচেতন থাকতে হবে।
বাঁশখালীতে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, বিকেলে প্রধানমন্ত্রী হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন এবং এরপর হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। দিনের শেষে সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে দলীয় সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আগেও চট্টগ্রাম ও কক্সবাজারে সফর করেছেন, তবে এবারই প্রথম তিনি মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী সফর করছেন।

