ফরিদপুরে নিখোঁজের পর হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের রোকমান খার ডাঙ্গী গ্রামে একটি পাটখেত থেকে ইউসুফ ফকির (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে স্থানীয়রা পাটক্ষেতে তার হাত-পা বাঁধা ও মুখ দিয়ে কীটনাশক বের হওয়া অবস্থায় লাশটি দেখতে পান। নিহত ইউসুফ ওই গ্রামের বাসিন্দা সেকেন ফকিরের ছেলে এবং পেশায় একজন পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ছিলেন। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে শরীর খারাপ লাগায় ডায়াবেটিস মাপার কথা বলে ইউসুফ বাড়ি থেকে মমিনখার হাট বাজারের উদ্দেশ্যে বের হন। বাজার শেষে সন্ধ্যার দিকে ইজিবাইকে করে বাড়ির সামনে নামলেও এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার শ্বশুর আজিজ খান জানান, ইজিবাইক চালক তাকে বাড়িতে নামিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাতিজা সাইফুল ফকির রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

পরিবারের অভিযোগ, শুক্রবার বিকেলে ইউসুফের মোবাইল নম্বর থেকে কল করে তার মুক্তিপণ বাবদ ৩০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আইপি নম্বর ব্যবহার করেও একই দাবি জানানো হয়।

চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী মদ্দীন ফকির জানান, শনিবার ভোর ছয়টার দিকে পাট কাটতে গিয়ে স্থানীয়রা নিহতের বাড়ির ৩০০ মিটার দূরে লাশটি দেখতে পান। লাশের পাশেই একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে, যা দেখে ধারণা করা হচ্ছে ভোররাতের দিকে এই ঘটনা ঘটেছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

হত্যাকাণ্ডের শিকার ওই ব্যবসায়ীর নাম ইউসুফ ফকির (৪৫)। তিনি ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের রোকমান খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা সেকেন ফকিরের ছেলে। তিনি ২ মেয়ে ও ১ ছেলের বাবা। ইউসুফ পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ছিলেন।