বান্দরবানের লামা উপজেলায় টানা সাত দিনের ভারি বর্ষণ, পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের ঘটনায় সরই ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে গ্রামীণ সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান, মৎস্য প্রকল্প ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় তথ্য অনুযায়ী, কেয়াজুপাড়া বাজারপাড়া থেকে পুলাংপাড়ায় যাওয়ার একমাত্র সড়কটির বিভিন্ন অংশ ধসে পড়েছে। ইটের তৈরি এই সড়কে বড় বড় ভাঙন তৈরি হওয়ায় পাশের একটি বিদ্যুতের খুঁটিও এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া কিল্লা-বটতলীপাড়া হয়ে আন্ধারী এলাকায় যাওয়ার পথে ডলু খালের ওপর নির্মিত সেতুটি পাহাড়ি ঢলের তোড়ে ধসে গেছে। ২০১২ সালে নির্মিত এই সেতুটি ছিল কিল্লাছড়া, বটতলী, ধুমছাপাড়া ও আন্ধারীপাড়াসহ অন্তত ছয়টি গ্রামের মানুষের ইউনিয়ন সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম, যা এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন।
প্রবল বর্ষণে মারকাযুল উলূম আল-ইসলামিয়া তাহফিযুল কুরআনুল কারীম মাদরাসা ও এর সংলগ্ন মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির স্রোতে মাদরাসার নিচের মাটি সরে যাওয়ায় শ্রেণিকক্ষগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার সবজি ও অন্যান্য ফসল ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে পাহাড় ধসে কম্পোনিয়া পাড়া, কালাইয়া পাড়া ও টংগঝিরি পাড়াসহ বিভিন্ন এলাকায় অন্তত ১০ থেকে ১২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৎস্য চাষিরাও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। ডলুছড়ি বাজারপাড়ার বাসিন্দা মো. ইকবাল ও হাছনাপাড়ার জয়নাল আবেদীন জানান, পাহাড়ি ঢলে মাছের ঘেরের বাঁধ ভেঙে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আরো অন্তত আটটি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ১০ লাখ টাকার লোকসান হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি কমে যাওয়ার ১০-১২ দিন পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে সরই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং বরাদ্দ পাওয়া মাত্রই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

