নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভূতুড়ে বিল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলের আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। ডা. শফিকুর রহমান স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লংমার্চ কর্মসূচিতে যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয়, তবে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানান।
একই অবস্থান কর্মসূচিতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আরও তিনটি লংমার্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।
অবস্থান কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। তিনি সরকারের কঠোর সমালোচনা করে অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গ্যাস ও বিদ্যুৎসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি মন্তব্য করেন যে, এমন পরিস্থিতিতে সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক ভিত্তি নেই। এছাড়া নাহিদ ইসলাম ছাত্রদলকে উদ্দেশ্য করে অভিযোগ করেন যে, তারা ছাত্রলীগের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের হল দখলের চেষ্টা চালাচ্ছে।

