ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে যুক্ত হচ্ছে বিকাশ

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটারদের জন্য ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের প্রক্রিয়া আরও সহজ হতে যাচ্ছে। পেমেন্ট পদ্ধতি হিসেবে ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে কিছু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে ফেসবুক বিজ্ঞাপনের পেমেন্ট অপশনে বিকাশ দেখতে পেয়েছেন এবং এর মাধ্যমে বিল পরিশোধ করার কথাও জানিয়েছেন।

তবে এই সুবিধাটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে সাধারণত আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়। কার্ডে ডুয়াল কারেন্সি চালু করা বা ব্যাংকের অনুমোদনের মতো জটিলতার কারণে অনেক নতুন কনটেন্ট ক্রিয়েটর ও ক্ষুদ্র উদ্যোক্তা বিজ্ঞাপন দিতে গিয়ে সমস্যায় পড়েন।

বিকাশ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলে স্থানীয়ভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধের পথ প্রশস্ত হবে। ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার, এফ-কমার্স উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো এই সুবিধার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ব্যবহারকারী ফেসবুক অ্যাডস ম্যানেজারের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশন দেখা যাচ্ছে। যদিও বর্তমানে এটি সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু রয়েছে, তবে কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই সুবিধাটি পুরোপুরি চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমবে এবং বাংলাদেশে ফেসবুকভিত্তিক ব্যবসা ও ডিজিটাল বিজ্ঞাপনের প্রসার আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।