গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ঢাকা অভিমুখী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন, ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে বিকট শব্দে ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইন থেকে বিচ্যুত হয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানোর পাশাপাশি উদ্ধারকারী বা রিলিফ ট্রেন পাঠানোর যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।