যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের গণ্ডি অতিক্রম করেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে গিয়ে ঠেকেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, এই মূল্যবৃদ্ধির ফলে আগের দিনের দরপতনের ক্ষতি পুরোপুরি পুষিয়ে নিয়েছে জ্বালানি বাজার। চলতি সপ্তাহে ব্রেন্ট এবং ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুড টানা তৃতীয় সপ্তাহের মতো এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে।
তেলের এই ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। শুক্রবার সকালের লেনদেনে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজার নিম্নমুখী ছিল। বিশেষ করে জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ দিনের শুরুতে ৩ শতাংশেরও বেশি কমে লেনদেন শুরু করে।
এদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় সাতজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং এলাকায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি স্বীকার করেনি এবং হামলার নির্দিষ্ট কারণ বা নিহতদের পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

