এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। বুধবার ৫ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পরপর দুটি পোস্ট করেন। সবশেষ পোস্টে তিনি লিখেছেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’
এর কয়েক মিনিট আগে করা আরেকটি পোস্টে সারজিস এই মন্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জানান, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেছে। ওই ডকুমেন্টারিতে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের ১ দফার কোনো উল্লেখ নেই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামচিহ্ন পর্যন্ত রাখা হয়নি।
সারজিস আলম তার পোস্টে আরও অভিযোগ করেন যে, ডকুমেন্টারিটি দেখলে মনে হতে পারে জুলাই মাসে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি ছিল বিএনপির দলীয় অভ্যুত্থান। তিনি মন্তব্য করেন, ইতিহাসকে দখল করতে চাওয়ার আওয়ামী খাসলত বা স্বভাব বিএনপি ভালোভাবেই রপ্ত করেছে।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন? সারজিস আলমের মতে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশের মাধ্যমে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছে ফেলা সম্ভব নয়।

