সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ সীমান্ত এলাকায় অবস্থিত ঐতিহাসিক মৌতলা জাহাজ ঘাটা শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জবরদখলের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে মসজিদের জমি সংলগ্ন রাস্তায় এই কর্মসূচির আয়োজন করে মসজিদ কমিটি, যুব কমিটি ও স্থানীয় সর্বস্তরের জনগণ। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে মুসল্লি ও এলাকাবাসী তাদের ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল ঐতিহাসিক এই ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। তারা জানান, জেলা পরিষদের অর্থায়নে মাদ্রাসার জন্য নির্মিত পাকা প্রাচীর ভেঙে ইট সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের ফলজ ও বনজ গাছ কেটে ফেলা এবং ফলফলাদি আত্মসাতের মতো ঘটনাও ঘটেছে। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী যখন এসব অপকর্মের প্রতিবাদ করেছেন, তখন অভিযুক্তরা উল্টো তাদের হয়রানি করতে প্রায় ১৫টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে বলে অভিযোগ করা হয়েছে।
বক্তারা আরও জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন এই মসজিদের নামে ৩৯ শতক জমি দানপত্র রেজিস্ট্রি করে দিয়েছিলেন। বর্তমানে জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত এবং মসজিদ কর্তৃপক্ষের দখলে রয়েছে। তবে লোভের বশবর্তী হয়ে অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে জমিটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। নানাবিধ হুমকির কারণে স্থানীয় মুসল্লি ও প্রতিবাদী এলাকাবাসী বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন, যার ফলে যেকোনো সময় শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা রমজান আলি, মৌতলা বাস স্ট্যান্ড বাজার কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম, মাওলানা আবুসা’দ, শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সামাদ এবং শেখ নুর আলী প্রমুখ।

