রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার (৫ আগস্ট) জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাসনে না থাকলে জুলাই গণ-অভ্যুত্থান সুসমন্বিতভাবে এবং সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। সে সময় আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকেই কারাগারে ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার এবং গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাবে। ভবিষ্যৎ জটিলতা এড়াতে সরকার সংবিধানের দীর্ঘমেয়াদি সংস্কার চায় বলেও তিনি জানান। এছাড়া গুম কমিশন অধ্যাদেশ করা না হলেও গুম প্রতিকার ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই বারবার আসে না। জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল যে, মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করতো।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক। আমরা সংসদের ভেতরে বাইরে বাহাস করবো, তর্ক করবো কিন্তু আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে সে প্রশ্নে আমরা সবাই এক।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও মন্তব্য করেন, ‘স্বৈরাচারের কবল থেকে মুক্ত হওয়ার পর যদি আমরা প্রশ্ন তুলি- জুলাই কার, তাহলে শেষ পর্যন্ত জুলাই কারও থাকবে না।’

