জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং সেই আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক সরকারি বাসভবন গণভবনে স্থাপিত এই জাদুঘরটির দ্বার উন্মোচন করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক, বীর শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।

জাদুঘরটি সম্পর্কে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল, আলোকচিত্র, ভিডিওচিত্র, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলনের নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এই সংগৃহীত নথিপত্র ও সামগ্রীর মাধ্যমে ২০২৪ সালের ঘটনাবলি ও গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।

উদ্বোধনের দিন ৫ আগস্ট জাদুঘরটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তবে ৬ আগস্ট থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।