বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন জ্বালানিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং এই খাতে সৌদি কোম্পানিগুলোর সম্পৃক্ততা দুই দেশের জন্যই লাভজনক হবে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ গড়ে ওঠার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনার সময় সৌদি উপ-মন্ত্রী প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে সৌদি আরবের আগ্রহের কথা জানান। এছাড়া তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন। উভয় দেশের প্রতিনিধিদলের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।