যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে ওয়াশিংটনের বর্তমানে ‘খুব ভালো আলোচনা’ চলছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের বিপরীতে ইরানি কর্মকর্তারা শুরু থেকেই ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনার সম্ভাবনাকে অস্বীকার করে আসছেন।
ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা খুব ভালো আলোচনা করছি। তারা এটি স্বীকার করতে চায় না। বিষয়টি কিছুটা হতাশাজনক।’
ট্রাম্প আরও বলেন, ‘এখানে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকর পদক্ষেপ। তারা একটি চুক্তি করতে চায়। এখন দেখা যাক কী হয়।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়, তবে তা খুবই খারাপ পরিণতি বয়ে আনবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ট্রাম্প এই মন্তব্য করলেন। এর আগে থেকেই ইরানি কর্মকর্তারা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার দাবি বারবার প্রত্যাখ্যান করে আসছেন।

