কারাগারে গেলেন শিল্পী মুজিব পরদেশী

জনপ্রিয় শিল্পী মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১০ লাখ টাকার একটি চেক ডিজঅনারের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এই শিল্পীকে মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলার পরোয়ানা অনুযায়ী রাজধানীর উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। আদালত সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস মাগুরার আদালতে এই মামলাটি দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত রায় ঘোষণা করেন। রায়ে মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। ওই সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।