মাগুরায় শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস

যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে নানা কর্মসূচি সম্পন্ন হয়।

সকাল ৯টায় শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানের ওপর কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় জেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।