শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে ফিরে আসেন, তবে তাকে বিমানবন্দর থেকে সরাসরি ‘ফাঁসির মঞ্চে’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (০৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এনসিপির এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান যদি দিল্লির সঙ্গে কোনো সমঝোতার মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করেন, তবে আমরা প্রস্তুত আছি। তিনি আরও বলেন, চৌদ্দশ শহীদ পরিবার এবং ৩০ হাজার আহত যোদ্ধা এ বিষয়ে প্রস্তুত। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো।

জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তির এই দিনে শহীদ মিনার থেকে এক দফার ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, এই ঐতিহাসিক দিনটি আমরা শহীদ পরিবার ও আহতদের সঙ্গে কাটাতে চাই, কারণ জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধারাই এক দফার আসল কারিগর।

অনুষ্ঠানে এনসিপি প্রধান আরও বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি, বরং ‘ফ্যাসিবাদী ব্যবস্থা’ বিলোপের ঘোষণা দিয়েছিলাম। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা দেশকে আর কোনো স্বৈরতন্ত্র, দুর্নীতি বা চাঁদাবাজির স্বর্গরাজ্য হতে দেব না। এছাড়া জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসেনি বলেও তিনি মন্তব্য করেন।