ইরানে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এবার বেসামরিক এলাকাগুলোতেও হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ও দ্বীপগুলোতে ভয়াবহ বোমাবর্ষণ চালানো হয়েছে। হরমুজ প্রণালির ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ শহর সিরিক এবং বুশেহর শহরেও নতুন করে মার্কিন বিমান হামলার খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দর-এ খামির শহরের কাছাকাছি দুটি সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া বন্দর আব্বাসের ‘তাপেহ আল্লাহ আকবর’ নামক আবাসিক এলাকায় বোমাবর্ষণের ফলে ১ জন নিহত ও ৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। বন্দর আব্বাসের নিকটবর্তী রেলওয়ে অবকাঠামোতে হামলায় আরও ২ জন আহত হয়েছেন।
মার্কিন হামলায় আহভাজ, কশেম, বুশেহর, দশ্তি, বোস্তান, সিরিক এবং বন্দর-এ লেঙ্গেহ এলাকার সাধারণ ও কৌশলগত অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। হরমোজগান প্রদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথের যোগাযোগ নেটওয়ার্কও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরটিতে মার্কিন ফাইটার জেট থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে এর স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

