মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রবিবার (২ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত এইচ. ই. ইউ কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ প্রস্তাব উত্থাপন করেন।

এ বিষয়ে জ্বালানিমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে প্রাকৃতিক গ্যাসের ব্যাপক চাহিদা রয়েছে, যা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে বাংলাদেশ বিশেষ আগ্রহী। মিয়ানমারের রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তিনি পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আকারেও বাংলাদেশে গ্যাস সরবরাহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন, যার প্রতি জ্বালানিমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন।

সাক্ষাৎকালে অতীতে প্রস্তাবিত মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পটি পুনরায় আলোচনায় আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা আরও বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের জ্বালানিমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রয়োজনে নিজেও মিয়ানমার সফরের আগ্রহ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ টেনে জ্বালানিমন্ত্রী বলেন, চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর প্রতিষ্ঠার যে প্রস্তাব রয়েছে, তাতে গ্যাস পাইপলাইন স্থাপন একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। তিনি মিয়ানমারের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে সরকারের আন্তরিক আগ্রহের কথাও জানান।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত এ বিষয়টি বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠকে পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।