৫ আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বসছে ‘বর্ষা বিপ্লবের গান’

২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী স্মৃতি স্মরণ ও উদযাপন করতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কনসার্টের আয়োজন করছে ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’। এই আয়োজনে সহযোগিতা করছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম।

এই কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীরা পারফর্ম করবেন। ব্যান্ড দলগুলোর মধ্যে মঞ্চ মাতাবে ‘আর্টসেল’, ‘শিরোনামহীন’, ‘আর্ক’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কুঁড়েঘর’। এছাড়া একক শিল্পী হিসেবে গাইবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর এবং র‌্যাপার সেজানসহ আরও বেশ কয়েকজন শিল্পী।

কনসার্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ আকবর। নিজের জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে তিনি লিখেছেন, “বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। সামনে পা বাড়াও, এগিয়ে যাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে।” ৫ আগস্টের এই আয়োজনে নিজের জনপ্রিয় গানগুলো নিয়ে হাজির হবেন বলে জানান তিনি। আয়োজকদের মতে, এবারের এই আয়োজনটি প্রতীকী ‘৩৬ জুলাই’ একসাথে উদযাপনের একটি প্রয়াস।

এদিকে এক ভিডিও বার্তায় ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী তাশরিফ খান শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে বলেন, “এই ৫ আগস্ট আমরা ‘কুঁড়েঘর’ ব্যান্ড আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে, সবাইকে গান শোনাতে ‘বর্ষা বিপ্লবের গান’। সবাই চলে আসুন, দেখা হবে, ৩৬ জুলাই। সবাই একসাথে গাইবো।”