রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট, স্থবির জনজীবন

রবিবার (২ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। কুড়িল বিশ্বরোড এলাকা থেকে শুরু হওয়া এই যানজট বনানী ও কাকলী পর্যন্ত বিস্তৃত হয়েছে। একই সময়ে মিরপুরের দিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে যানজট ইসিবি চত্বর পর্যন্ত পৌঁছে যায়।

সরেজমিনে দেখা যায়, কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলো অত্যন্ত বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করাচ্ছে। এছাড়া বিমানবন্দরগামী যানবাহনগুলো এবং কুড়িল ফ্লাইওভারে চলাচলকারী গাড়িগুলো নির্ধারিত লেন মেনে চলছে না, যা যানজটের অন্যতম কারণ হিসেবে কাজ করছে।

ফলাফলস্বরূপ, কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে এবং কুড়িল ফ্লাইওভারের ওপর তুলনামূলক কম যানজট থাকলেও এর পেছনের অংশ বনানী-কাকলী সড়ক এবং ইসিবি থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এই যানজটের ফলে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বেসরকারি চাকরিজীবী সাইফুল আবেদিন এ প্রসঙ্গে বলেন, সরকার আসে, সরকার যায়—কেউ সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের জন্য কাজ করে না। তিনি আরও বলেন, বাসগুলো নিয়ম মেনে যাত্রী ওঠানামা করালে এবং বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলো ডানদিকের লেন ও ফ্লাইওভারগামী গাড়িগুলো বামদিকের লেন ব্যবহার করলে এমন যানজট তৈরি হতো না।