রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে ১৯৭৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ১৯৭৭ সালে শাসন বেসামরিক করার লক্ষ্যে জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের উদ্দেশ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগ দল প্রতিষ্ঠা করেন। বিচারপতি আবদুস সাত্তার ছিলেন সেই দলের সমন্বয়ক। পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠা করা হয় এবং জিয়াউর রহমান এর চেয়ারম্যান হন। প্রতিষ্ঠাকালীন সময়ে দলটি ডান, বাম ও মধ্যপন্থীদের সমন্বয়ে গঠিত হয়েছিল। ১৯৭৯ সালের নির্বাচনে জিয়াউর রহমান এই দলের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮১ সালে জিয়াউর রহমান বিপথগামী সেনাসদস্যদের হাতে নিহত হওয়ার পর বিচারপতি আবদুস সাত্তার দলের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে ১৯৮৪ সালে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরশাদবিরোধী আন্দোলনে দলটি সাতদলীয় জোটের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। এরপর ২০০১ সালের নির্বাচনেও দলটি জয়ী হয়। এর মধ্যে ১৯৯৬ সালে দলটি একতরফা বিতর্কিত নির্বাচন করে কিছুদিনের জন্য সরকার গঠন করেছিল। এছাড়া ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে ওই দুই মেয়াদে বিএনপি জাতীয় সংসদের বিরোধী দল ছিল। আওয়ামী লীগের অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন বর্জন করেছিল বিএনপি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ২০০৯ সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। বর্তমানে তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

