ঐতিহাসিক স্থাপনা রক্ষায় বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শন পর্যটনমন্ত্রীর

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণ এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম আয়তনের ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী জমিদার বাড়ির বিভিন্ন ভবন ও প্রত্নতাত্ত্বিক অবকাঠামো ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। স্থাপনাটির রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং পর্যটকদের সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তিনি। মন্ত্রী বালিয়াটি জমিদার বাড়ির বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। এছাড়া, সম্প্রতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জমিদার বাড়ির সামনের ওয়াকওয়েটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হওয়ায় তা দ্রুত মেরামতের জন্য সাটুরিয়ার ইউএনওকে নির্দেশ দিয়েছেন তিনি।

পরিদর্শন কার্যক্রমে বাংলাদেশ পর্যটন করপোরেশন বোর্ডের ডিরেক্টর মহিউদ্দিন হেলাল, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বালিয়াটি প্রাসাদ জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা ও ছাত্রদলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা মন্ত্রীর এই পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জমিদার বাড়ির যথাযথ সংস্কার ও আধুনিক সুবিধা নিশ্চিত করা হলে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে, যা এলাকার পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অনেক পর্যটককে ছবি তুলতেও দেখা গেছে। উল্লেখ্য, সাটুরিয়ার বালিয়াটি গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের জমিদার বাড়ি হিসেবে পরিচিত।