কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে তারা ক্যাম্পে পৌঁছান। এই সফরের মূল লক্ষ্য হলো ক্যাম্পের বিভিন্ন মানবিক কার্যক্রম ও প্রকল্প ঘুরে দেখা। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বর্তমান জীবনযাত্রা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন প্রতিনিধি দলের সদস্যরা।
সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক মানবিক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। আলোচনায় রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা এবং প্রত্যাবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।
প্রতিনিধি দলের সফরকে কেন্দ্র করে ক্যাম্প এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, প্রতিনিধি দলের চলাচল ও ক্যাম্প পরিদর্শন নির্বিঘ্ন রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সফর শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই ইতিবাচক এবং তা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এছাড়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

