বাগেরহাটে পুত্রবধূ, তার বাবা-মা, ভাই এবং স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে অন্যায় অত্যাচার, মানসিক নির্যাতন ও বসতভিটা দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী। শুক্রবার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার নোনাভাঙা গ্রামের বাসিন্দা জাহেদা বেগম।
সংবাদ সম্মেলনে জাহেদা বেগম জানান, তার একমাত্র ছেলে সহিদুল ইসলামের সঙ্গে একই এলাকার ছত্তার মল্লিকের মেয়ে অছিফা আক্তার সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূ অছিফা আক্তার তার এবং তার পঙ্গু স্বামী নূরমোহাম্মদ ফকিরের সঙ্গে চরম দুর্ব্যবহার করে আসছেন। একপর্যায়ে পুত্রবধূ ও তার পরিবারের সদস্যদের প্ররোচনায় পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়।
জাহেদা বেগম অভিযোগ করে বলেন, তাদের বাড়ির সীমানা এবং পুত্রবধূর বাবা ছত্তার মল্লিকের বাড়ির সীমানা একই হওয়ায় তারা ভিটা-মাটি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছেন। পুত্রবধূ ও তার পরিবারের পক্ষ থেকে তাদের প্রাণনাশের এবং জমি দখলের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তিনি ও তার পঙ্গু স্বামী বর্তমানে চরম জীবন সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন যে, আসামিরা তার ছেলেকে জিম্মি করে তাদের জমি ও বসতবাড়ি আত্মসাৎ করার নীল নকশা তৈরি করেছে। এলাকার বাসিন্দারাও এসব অন্যায়-অত্যাচারের বিষয়ে অবগত রয়েছেন বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে জাহেদা বেগম প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করেছেন।
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১২: ০৫আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২: ০৬

