লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। 'মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স' নামের এই জোটে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ সুরক্ষায় যৌথ সহযোগিতা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই জোট গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। জোটের সদস্য দেশগুলো জানিয়েছে, ভারত মহাসাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে সংযুক্তকারী এই কৌশলগত জলপথে মুক্ত নৌ-চলাচল বজায় রাখা এবং জ্বালানি পরিবহন নিরাপদ রাখাই হবে তাদের মূল কাজ।
এই জোটের অন্যান্য সদস্য দেশগুলো হলো—সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরোস। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এখনও এই জোটে যোগ দেয়নি, যদিও ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক সংকটে তাদের নিরাপত্তা স্বার্থও জড়িত রয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর অন্যান্য দেশের জন্যও এই জোটে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বের তেল ও গ্যাস রপ্তানির একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হলেও সেখানে অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে। এর ওপর সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের ক্রমাগত হামলায় বাব আল-মান্দেব, লোহিত সাগর ও এডেন উপসাগর রুটটি চরম ঝুঁকিতে পড়েছে। সম্প্রতি হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণাও দিয়েছে, যা লোহিত সাগরমুখী তেল পরিবহনকে ব্যাহত করছে।
সৌদি আরব জানিয়েছে, জোট গঠনের এই বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। লোহিত সাগরে ইইউর নিজস্ব নৌ নিরাপত্তা মিশন 'অ্যাসপিডিস' সচল থাকলেও, নতুন এই সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাদের কার্যক্রমের পার্থক্য কী হবে তা এখনও স্পষ্ট নয়।
এই জোটে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ বা সামরিক বিমান দিয়ে সহায়তা করবে, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে জোটের মাধ্যমে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা প্রণয়ন, সমন্বিত সামরিক মহড়া ও সামুদ্রিক অভিযান পরিচালনা করা হবে। সৌদি আরব স্পষ্ট করে জানিয়েছে, এই জোটের উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠিত হয়নি। জোটটির সদর দপ্তর সৌদি আরবেই স্থাপন করা হবে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে পড়ে। তবে সৌদি আরব তাদের পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে পূর্বাঞ্চলীয় শোধনাগার থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহন অব্যাহত রাখতে পেরেছে। কিন্তু এই তেল রপ্তানি করতে হলে বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করতে হয়, যার ইয়েমেন অংশটি হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের বিঘ্ন বৈজ্ঞিক জ্বালানি বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ সৃষ্টি করতে পারে।

