জামালপুরে বাস কাউন্টারে পেট্রোলবোমা ও রেললাইন উপড়ে নাশকতার চেষ্টা

জামালপুরে রোববার ভোরে দুটি পৃথক স্থানে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ নাশকতার চেষ্টা চালায়। শহরের ভোকেশনাল মোড়ে অবস্থিত রাজিব পরিবহনের বাস কাউন্টারে পেট্রোলবোমা নিক্ষেপ এবং জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় রেললাইন উপড়ে ফেলার ঘটনা ঘটে। এ দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ভোর ৩টা ৪২ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি দ্রুতগতিতে রাজিব পরিবহনের বাস কাউন্টারে আসে। এ সময় সামনের মোটরসাইকেল থেকে বাসের সামনের দিকে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয় এবং পেছনের মোটরসাইকেল থেকে বাসের পেছনের দিকে আরেকটি বোমা ছোড়া হয়। তবে দুটি বোমাই লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কের ওপর পড়ে আগুন জ্বলতে থাকে। ঘটনার সময় বাসে একজন যাত্রী, চালক ও হেলপার অবস্থান করছিলেন। সৌভাগ্যবশত কেউ হতাহত হননি এবং বাসেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের ঝুঁকি এড়াতে বাসটি দ্রুত সরিয়ে নেওয়া হয়। বাস কাউন্টারে কর্মরত শফিউল আলম এ ধরনের নাশকতা প্রতিরোধে বাস কাউন্টার ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

একই ভোরে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় রেললাইন উপড়ে ফেলে বড় ধরনের নাশকতার চেষ্টা করা হয়। এতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খোলা দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সময়মতো বিষয়টি শনাক্ত হওয়ায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানিয়েছেন, দুটি ঘটনার বিষয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৭: ১৪আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৭: ১৮