সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কাছে জনতা বাজারে এ সংঘর্ষের সময় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। হামলায় সাতজন টেঁটাবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না এবং জলুসা গ্রামের নূরে আলম জিকুর পক্ষের লোকজনের মধ্যে খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং অতীতেও উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনার দিন দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় জড়ো হলে প্রথমে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি জনতা বাজারে সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা জানান, এলাকাটি দুর্গম হওয়ায় খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ থেমে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পূর্ববিরোধের জের ধরেই এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

