মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫ এলএনজি কার্গো, বেড়েছে ব্যয়

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জেরে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। এর ফলে সরকারকে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হচ্ছে, যা গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় বাড়িয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করতে হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব তথ্য জানান। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির চাহিদার একটি বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়ে। এতে বৈদেশিক মুদ্রার ব্যয় বৃদ্ধি পায় এবং রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয়। একই সঙ্গে বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় পণ্য ও সেবার মূল্যে মূল্যস্ফীতির প্রভাব দেখা দেয়।

উপদেষ্টা আরও জানান, সরকার বর্তমানে একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানি নির্ভর জ্বালানি খাতের দায়িত্ব পালন করছে। ২০০৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশে ডিজেলের মজুত ছিল ১৭ দিনের, যা বর্তমানে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণের মতো মজুত গড়ে তোলা।

নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা তৈরির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং বাপেক্সের সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তিনি জানান, দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়িতে ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্মেলনে জ্বালানি খাতের বিশেষজ্ঞ ও অংশীজনরা বিভিন্ন মতামত তুলে ধরেন। বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য সচিব হাসান মেহেদী পরিবেশগত সংবেদনশীল এলাকায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিরোধিতা করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. আশানুর রহমান গ্রিন বন্ড ও সুকুক ব্যবহারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়ন সহজ করার পরামর্শ দেন। এছাড়া বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ সরকারের ঘোষণা ও বাস্তব নীতিমালার অসংগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।