বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় উত্থান

গত শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭২ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারেও স্বর্ণের অগ্রিম দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে। স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতু রুপার দামেও বড় বৃদ্ধি লক্ষ্য করা গেছে; প্রতি আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৭ ডলারে উন্নীত হয়েছে।

লাইভমিন্টের প্রতিবেদন অনুযায়ী, ভারতের এমসিএক্স বাজারেও এর প্রভাব পড়েছে। সেখানে ডিসেম্বরের স্বর্ণের অগ্রিম দাম প্রতি ১০ গ্রামে ১ লাখ ২২ হাজার ২৭২ রুপি এবং রুপার দাম প্রতি কেজিতে ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ রুপিতে সপ্তাহ শেষ করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতা কিছুটা প্রশমিত হয়েছে। এর ফলে স্বর্ণ ও রুপা বিক্রির চাপ কমে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে। তবে দীর্ঘমেয়াদী পূর্বাভাস নিয়ে সতর্কবার্তা রয়েছে। গত অক্টোবরে আমেরিকায় মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছানো এবং অর্থনীতির প্রত্যাশার চেয়ে ভালো গতি সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি করেছে। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণ বা রুপার মতো সম্পদে বিনিয়োগের আগ্রহ কমে যায়।

ব্রিকওয়ার্ক রেটিংসের গবেষণা প্রধান রাজীব শরণের মতে, আগামী কিছুদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ৭৫০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, দাম এখনই দীর্ঘস্থায়ীভাবে বাড়বে এমন নিশ্চয়তা না থাকায় একসঙ্গে বড় বিনিয়োগ না করে অল্প অল্প করে কেনাই এখন বুদ্ধিমানের কাজ হবে।