কক্সবাজারের টেকনাফে নিবিড় চিকিৎসার ১০ দিন পার হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি ৮টি গুলিবিদ্ধ মাদি হাতিটি। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হোলবনিয়াপাড়া ও জাহাজপুরা এলাকায় আবারও লোকালয়ে ঢুকে পড়ে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এই বন্য হাতিটি। সেখানে ঘোরাফেরার একপর্যায়ে এটি বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করে এবং সুপারি গাছের ক্ষতি সাধন করে।
হাতি লোকালয়ে ঢোকার খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ সেখানে ভিড় জমান। একপর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন স্থানীয় বাসিন্দা হাতিটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে বনে ফেরানোর চেষ্টা চালান। এতে গুরুতর আহত হাতিটির চরম নিরাপত্তা ঝুঁকি ও স্বাস্থ্য নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়। পরবর্তীতে দুপুরবেলা বন বিভাগের সদস্য, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে চেষ্টা চালিয়ে হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে জাহাজপুরা গর্জন বাগানের ভেতরে নিয়ে যান। তবে হাতিটি পুরোপুরি পাহাড়ে না ঢুকে বনের প্রান্ত ঘেঁষে লোকালয়ের কাছাকাছি অবস্থান করছে এবং সুযোগ পেলেই বসতবাড়ির দিকে আসার চেষ্টা করছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর টেকনাফের শিলখালী রেঞ্জের গর্জনবাগান এলাকার দুর্গম পাহাড়ে অসুস্থ ও আহত অবস্থায় হাতিটির সন্ধান পাওয়া যায়। সেদিন ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক দলের সহায়তায় ট্রাংকুইলাইজার দিয়ে হাতিটিকে অচেতন করা হয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা চিকিৎসায় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করেন চিকিৎসকরা এবং পেছনের কয়েকটি ক্ষতস্থান থেকে গুলির খোসা উদ্ধার করা হয়। চিকিৎসা শেষে হাতিটি উঠে দাঁড়ালে বনের ভেতর থেকে তার একটি পুরুষ সঙ্গী পাশে এসে দাঁড়ায় এবং হাতিটি সেই সঙ্গীকে অনুসরণ করে ধীরে ধীরে গভীর বনে ফিরে যায়। এর পর ৫ দিন ড্রোনের মাধ্যমে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান জানান, হাতিটির নাকের নিচে, কানের পাশে ও শরীরের বিভিন্ন স্থানে গুলির ক্ষত রয়েছে। তবে পেছনের ডান পায়ের হাড় ও টার্সাল জয়েন্টের ৮ থেকে ১০ ইঞ্চি গভীর দুটি ক্ষত সবচেয়ে বেশি বিপজ্জনক। এই পায়ের জয়েন্টের ভেতরে এখনো একটি গুলি আটকে রয়েছে, যা সেখান থেকে বের করা অত্যন্ত জটিল ও কঠিন কাজ।
শিলখালী বনের রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, হাতিটির পায়ে গুলি লাগায় হাড়ের একটি অংশে মারাত্মক আঘাত রয়েছে। এখনো প্রচণ্ড ব্যথা থাকায় এটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না এবং বাধ্য হয়ে লোকালয়ে চলে আসছে। বন্য প্রাণীটিকে অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে নতুন করে চিকিৎসার সুযোগ রয়েছে কিনা, তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও বিবেচনা করা হচ্ছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমান বলেন, বন বিভাগ, সাফারি পার্ক ও ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম যৌথভাবে আহত হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালিয়েছিল। চিকিৎসায় সাময়িক সুফল মিললেও পাহাড়ে ফেরানোর পর লোকালয়ে আবারও হানা দেওয়ায় নতুন করে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বনের আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন বনকর্মীরা।

