কাতার থেকে ফিরে গোপনে বাড়িতে অবস্থান, কালীগঞ্জের যুবলীগ নেতা গ্রেপ্তার

কাতার থেকে দেশে ফিরে গোপনে নিজ বাড়িতে অবস্থান নেওয়ার পর গাজীপুরের কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফী ওরফে খোকনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান আশরাফী খোকন। আত্মগোপনে থাকা অবস্থাতেই তিনি কাতারে চলে যান। সম্প্রতি দেশে ফিরে তিনি কালীগঞ্জের নিজ বাড়িতে আত্মগোপন করে বসবাস শুরু করেন। এ সময় পুলিশের চলাচল ও উপস্থিতি নজরদারিতে রাখতে তিনি নিজের বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলেন।

গোপন খবরের ভিত্তিতে শনিবার দুপুরে খোকনের অবস্থান নিশ্চিত হয়ে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আশরাফী খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা রয়েছে। আটক এই যুবলীগ নেতাকে আগামীকাল রোববার সকালে গাজীপুর আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।