বিএনপি-জামায়াত নেতাদের হত্যার অডিও ছড়িয়ে পড়ল লক্ষ্মীপুরের বিপ্লবের

লক্ষ্মীপুরের প্রয়াত মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটিতে তাঁকে মামুন নামের এক ব্যক্তিকে বিএনপি ও জামায়াতের প্রধান নেতাদের হত্যার পাশাপাশি তাঁদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার নির্দেশনা দিতে শোনা গেছে। গত বৃহস্পতিবার রাতে এই অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে। যদিও অডিওর কণ্ঠস্বর বিপ্লবের বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তবে এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অডিওতে বিপ্লবকে বলতে শোনা যায়, কিছু বিশ্বস্ত গেরিলা ছেলেপুলে তৈরি করে তাদের এলাকায় প্রতিষ্ঠিত করতে হবে। তাদের কাজ হবে বিএনপি ও জামায়াতের মূল দশজন নেতাকে হত্যা করা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়া। এ সময় হামলার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। তিনি বলেন, যখনই ক্ষমতার পথ তৈরি হবে, তখনই ওই নেতাদের ধরে মারতে হবে, কারণ পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না। এছাড়া নিজের জন্য একটি মিছিলের পরিকল্পনাও সেখানে উঠে আসে, যেখানে শেখ হাসিনার নাম ও ছবি ব্যবহারের কথা বলা হয়।

এ এইচ এম বিপ্লব অতীতে একাধিক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ২০০৩ সালে বিএনপি নেতা ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এছাড়া ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন ও কামাল হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে ২০১৮ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার মাধ্যমে তিনি কারাগার থেকে মুক্তি পান। শিবির নেতা হত্যা মামলার সাজাও আবেদনের প্রেক্ষিতে কমিয়ে ১০ বছর করা হয়েছিল।

এ বিষয়ে মন্তব্যের জন্য বিপ্লবের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে আছেন এবং তাঁকে আইনের আওতায় আনতে সরকারি সংস্থাগুলো কাজ করছে। পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদামব্রিজ ও বিপ্লবের বাসার সামনে ৪ শিক্ষার্থীসহ ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা দুটি মামলার আসামি তিনি। বিপ্লবের ভাই ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুও বর্তমানে পলাতক রয়েছেন।

‘৫-৬টা গেরিলা হোলাহাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত।