পুরান ঢাকায় আবাসিক হোটেলে ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে গভীর রাতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। এছাড়া তাঁকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) এবং কর্মী মো. হাসান (২৬) গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলের সামনে অবস্থিত একটি মুরগির দোকান থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে একটি মুরগি হোটেলে ঢুকে পড়ে। মুরগিটি হোটেলের দোতলায় উঠে গেলে হোটেলকর্মীদের সঙ্গে দোকানের মালিক এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজীর কথা-কাটাকাটি হয়। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে এনায়েত ও ইরান ধারালো অস্ত্র নিয়ে হোটেলের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে এবং তাঁর বাবার নাম মো. গোলাম মোস্তফা। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের অভিযোগ, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী স্থানীয় সন্ত্রাসী প্রকৃতির লোক এবং তিনি সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার কারণে নাঈমুরের ওপর তাঁরা ক্ষিপ্ত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রাজ্জাকের নাতি মো. জুবায়ের জানান, পূর্বশত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে।

ঘটনার পর মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলে পালিয়ে গেছেন। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারী এনায়েত ও ইরানকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ভোররাত চারটার দিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।