ইরানের কাছে ইউরোপে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় নিজের বাসভবন মার-এ-লাগো থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনালাপে তিনি এই মন্তব্য করেন।
মধ্যপ্রাচ্যের সাথে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে না পারলেও ইউরোপে আঘাত হানার সক্ষমতা তাদের রয়েছে। তিনি আরও দাবি করেন, যদি ওই অঞ্চলে স্থিতিশীলতা বজায় না থাকে, তবে ইরান ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালিয়ে বড় ধরনের ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটাতে পারে।
মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। ইরানি নেতাদের সম্পর্কে তিনি বলেন, তাদের মানসিকতা সম্পর্কে তিনি অবগত এবং তারা ‘উন্মাদ’। এ কারণেই ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে তিনি ঘোষণা দেন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আত্মরক্ষায় যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বর্তমানে অনিশ্চয়তার মুখে রয়েছে। উল্লেখ্য, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী একটি রাষ্ট্র এবং দেশটির কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই।

